ঘানার বৃহৎ খনি কোম্পানিগুলোর কাছ থেকে বার্ষিক উৎপাদনের ৩০ শতাংশ স্বর্ণ কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। এর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ২০ শতাংশ। তবে নতুন এই নীতিমালার মূল্য নির্ধারণ ও বাণিজ্যিক শর্ত নিয়ে খনি মালিকদের সঙ্গে এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি বলে জানা গেছে। খবর রয়টার্স।
দাম বাড়ায় বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে।
আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ ঘানা ২০২২ সালে প্রথম মজুদ কার্যক্রম শুরু করে। ব্যাংক অব ঘানার তথ্যানুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশটির স্বর্ণের মজুদ ১৯ দশমিক ২ টনে পৌঁছেছে। এই মজুদ স্থানীয় মুদ্রা সিডির মান স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখছে।
দেশটির সরকার ২০২৮ সালের মধ্যে ১৫৭ টন স্বর্ণ মজুদের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই স্বর্ণ দিয়ে ১৫ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। তবে গত বছর খনি কোম্পানিগুলো লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম স্বর্ণ সরবরাহ করেছিল। বর্তমানে মূল্য ছাড় ও অন্য উপজাতের মূল্যায়ন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে খনি মালিকদের আলোচনা চলছে।