ইউএসডিএর পূর্বাভাস সংশোধন

বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ভুট্টা ও সয়াবিনের বাজার

বিশ্বব্যাপী ভুট্টা ও সয়াবিনের দাম ‍গত বছর নিম্নমুখী ধারা বজায় রেখেছিল। তবে নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে পণ্য দুটির বাজার।

বিশ্বব্যাপী ভুট্টা ও সয়াবিনের দাম ‍গত বছর নিম্নমুখী ধারা বজায় রেখেছিল। তবে নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে পণ্য দুটির বাজার। খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদনের প্রভাব পড়েছে ভুট্টা ও সয়াবিনের বাজারে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

প্রতিবেদন প্রকাশের পর শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জে (সিএমই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ভুট্টার দাম ২০ সেন্টের বেশি বেড়েছে। ২০২৪ সালের জুনের পর এ সময় সর্বোচ্চ দামে পণ্যটি বেচাকেনা হয়েছে। এ সময় সয়াবিনের দাম প্রায় ৫০ সেন্ট বেড়েছে, যা গত বছরের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।

ভুট্টার দাম গত ১৫ জানুয়ারি মার্চের সরবরাহ চুক্তিতে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৪ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে। একই মাসের সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম ছিল বুশেলে ১০ ডলার ৪২ সেন্ট। মে ও জুলাইয়ের সরবরাহ চুক্তিগুলোও দামে মুনাফা ধরে রেখেছে।

এদিকে সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৭৭ সেন্টে। এ সময় সয়াবিনের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১০ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে।

১০ জানুয়ারি প্রকাশিত বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন শীর্ষক (ডব্লিউএসডিএ) প্রতিবেদনে ইউএসডিএ জানায়, ২০২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টা ও সয়াবিন উৎপাদন কমে যেতে পারে।

ডব্লিউএসডিএ প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রর ভুট্টার সমাপনী মজুদ হতে পারে ১৫৪ কোটি বুশেল। এটি ডিসেম্বরে দেয়া পূর্বাভাস ১৭৩ কোটি ৮০ লাখ বুশেলের তুলনায় ১১ শতাংশ কম। এ সময় সয়াবিনের সমাপনী মজুদ ৩৮ কোটি বুশেল হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এটি ডিসেম্বরের ৯ কোটি বুশেল বা ১৯ শতাংশ কম।

গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও মালিক ব্রায়ান হ্যারিস বলেন, ‘যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিবেদনে ভুট্টা ও সয়াবিনের উৎপাদন ও সমপনী মজুদ কমার পূর্বাভাস দেয়া হয়েছে। পরপরই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পণ্যগুলোর বাজার।’

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া এবং চীন, মেক্সিকো ও অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে পুনরায় বাণিজ্যযুদ্ধের আশঙ্কা, নীতি পরিবর্তনের আলোচনা চলছে। এসব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা। কারণ যুক্তরাষ্ট্র প্রশাসনের সিদ্ধান্ত ভুট্টা ও সয়াবিনের দামে প্রভাব ফেলতে পারে।

ইউএসডিএ আরো জানায়, যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে ভুট্টা উৎপাদন কমে ১ হাজার ৪৮৬ কোটি ৭০ লাখ বুশেলে নেমে যেতে পারে, যা ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। এ সময় সয়াবিন উৎপাদন আগের দেয়া পূর্বাভাসের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমে ৪৩৬ কোটি ৬০ লাখ টনে নেমে যেতে পারে।

আরও