রফতানি ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ এক্সপোর্ট সেবার সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর প্রাইম ব্যাংকের

দেশের রফতানি ব্যবসার প্রসার এবং এসএমই ও উদীয়মান রফতানিকারকদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এক্সপোর্ট সেবার সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা জাহিদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্ব রফতানিকারকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ, পরামর্শ সেবা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে তাদের প্রস্তুতি জোরদার করার একটি যৌথ উদ্যোগ।

চুক্তির আওতায় রফতানি সেবা উদ্যোক্তাদের জন্য রফতানিমুখী প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও পরামর্শ সেশনের আয়োজন করা হবে। এর মাধ্যমে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া, রফতানি ডকুমেন্টেশন এবং বৈশ্বিক বাজারের সুযোগ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।

বিশেষত তৈরি পোশাক (নন-আরএমজি) খাতসংশ্লিষ্ট নয় এমন রফতানি পণ্যকে গুরুত্ব দিয়ে নতুন উদ্যোক্তাদের কাঠামোবদ্ধ ও বিধিবদ্ধ রফতানি কার্যক্রমে এগিয়ে নিতে সহায়তা করা হবে।

দেশের রফতানি ইকোসিস্টেমকে শক্তিশালীকরণ এবং প্রাইম ব্যাংক এসএমই ট্রেডফিন সেন্টারকে রফতানিকারকদের জন্য জ্ঞানভিত্তিক সহায়তা, পরামর্শ সেবা ও টেকসই প্রবৃদ্ধির প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে এ অংশীদারত্ব ব্যাংকটির অঙ্গীকারের প্রতিফলন।

আরও