নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই প্রতিবেদন পাব। এরপর তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
নাটোরের গুরুদাসপুরে গতকাল উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পে-স্কেল নিয়ে আমি ধৈর্য ধরতে বলব। এটা ১০-১২ বছর পরের করা। অনেক রকমের হিসাব-নিকাশ রয়েছে। এটা নিয়ে কাজ চলছে। আমি আশা করি দ্রুতই প্রতিবেদন পাব। তারপর এটা বাস্তবায়নের বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো অর্থ সংকট রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।’