দেশের নন-লাইফ বা সাধারণ বীমা খাতের প্রথম প্রজন্মের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি ১৯৮৬ সালে যাত্রা করে। চার দশকের পথচলায় প্রতিষ্ঠানটি ৪৫৩ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। এ সময়ে কোম্পানিটি ১৮৩ কোটি টাকা লভ্যাংশের পাশাপাশি জাতীয় রাজস্ব খাতে ৮৮ কোটি টাকা কর দিয়েছে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান চেয়ারম্যান মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ। এছাড়া দেশের শিল্পোদ্যোক্তা, ব্যাংকার, করপোরেট নির্বাহী, বিআইএর সদস্য ও কোম্পানির গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, কোম্পানির লভ্যাংশ প্রদানের ক্রমবর্ধমান রেকর্ড ৭২১ শতাংশে দাঁড়িয়েছে। দেশের বীমা খাতের উন্নয়নে নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের জিডিপিতে বীমা খাতের অবদান মাত্র দশমিক ৩৫ শতাংশ, যেখানে উদীয়মান বাজারগুলোয় গড় অবদান ২ দশমিক ৫ শতাংশ।’
মাহবুবুর রহমান আরো বলেন, ‘বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মোটর বীমা বাধ্যতামূলক নয়।’ এ অবস্থায় ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থান ও ইসরায়েল-ইরান যুদ্ধসহ বিভিন্ন সংকটের সময়ে বেসরকারি খাতকে সুরক্ষা দিতে বীমা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। এ সময় দেশের রফতানিমুখী শিল্পে ক্ষয়ক্ষতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সহকর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আগত অতিথিরা দেশের শিল্প খাতের ঝুঁকি হ্রাস এবং বাণিজ্য ও অর্থনীতির প্রবৃদ্ধিতে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চার দশকের অবদানের প্রশংসা করেন। এ আয়োজনে দীর্ঘদিনের গ্রাহক ও করপোরেট অংশীদারদের সম্মাননা দেয়া হয়। কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।