কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে জিবিবি পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড কুমিল্লা সেনানিবাসে পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের কুমিল্লা সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের সঙ্গে এ চুক্তি করেছে জিবিবি পাওয়ার। এ চুক্তির আওতায় কুমিল্লা সেনানিবাসে ৫.০০৫ মেগাওয়াট-পিক (ডিসি) ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎ কেন্দ্র ‘ওপেক্স/বুট’ (নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর) ভিত্তিতে স্থাপন করা হবে এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। চুক্তির মেয়াদ হবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ থেকে ২৫ বছর পর্যন্ত।

গত ২৩ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালন পর্ষদের সভায় অনুমোদিত এ প্রকল্পে বিনিয়োগ ৬ কোটি টাকার বেশি হবে না বলে বলা হয়েছে। ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ নির্ধারিত হতে পারে বলেও সভায় জানানো হয়েছে।

সোলারন পাওয়ার লিমিটেড হলো জিবিবি পাওয়ার লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ার লিমিটেডের ৭০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩০ শতাংশ শেয়ার সৌরশক্তি খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারদের মালিকানায় রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিবিবি পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৪ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে জিবিবি পাওয়ারের ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ।

আরও