প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফ বেড়েছে ৪৮ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪৯ কোটি ৩ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের আয় হয়েছে ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২১৪ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৯২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০৭ টাকা ৪ পয়সায়।
কোম্পানিটি জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রি ২৩৬ কোটি ৩৫ লাখ টাকা বা ১৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আর্থিক ব্যয় কমে যাওয়ায় নিট মুনাফা বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ওয়ালটনের ইপিএস হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩৫০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ।