জাপানে মে মাসে অ্যালুমিনিয়ামের মজুদ বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। দেশটির তিনটি প্রধান বন্দরে গত মাসের শেষে ধাতবপণ্যটির মোট মজুদ পৌঁছেছে ৩ লাখ ৩১ হাজার টনে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। খবর বিজনেস রেকর্ডার।
মারুবেনি ইয়োকোহামা, নাগোয়া ও ওসাকা বন্দর থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সম্প্রতি এক পূর্বাভাসে জানিয়েছে, বিশ্ববাজারে প্রত্যাশার তুলনায় সরবরাহ কম হওয়ায় ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২ হাজার ২৮০ ডলারে উন্নীত হতে পারে। এর আগে প্রতিষ্ঠানটি এ সময়ের জন্য অ্যালুমিনিয়ামের দাম ২ হাজার ১৪০ ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিল।
গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, চলমান বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার প্রভাব যেমনটা ভাবা হয়েছিল তেমনটা হয়নি। ফলে ২০২৫ সালের জন্য গত বছরের তুলনায় অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ১ থেকে বাড়িয়ে ১ দশমিক ৮ শতাংশ করা হয়েছে।