সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মেসার্স সরদার স্টোরে খোলা সয়াবিন তেল খুচরায় বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৮৫ টাকায়। এ সময় প্রতি কেজি পাম অয়েলের দাম ছিল ১৬৭ টাকা। দুদিন আগেও এ প্রতিষ্ঠানে খুচরায় প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৮৮ টাকায়।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হাকিম বলেন, ‘বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারিতে সয়াবিন তেল ও খুচরায় পাম অয়েলের দাম কমে এসেছে। সুলতানপুর বড় বাজারের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সিরাজ স্টোরে গতকাল খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮২-১৮৩ টাকায়। এ সময় পাম অয়েল বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৬৬ টাকা দরে। দুদিন আগেও প্রতি কেজি সয়াবিন ও পাম অয়েলের দাম ছিল ১৮৫-১৮৬ ও ১৬৭ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জানান, আমদানি বাড়ায় ভোজ্যতেলের দাম কিছুটা কমেছে।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বাজারে সরবরাহ বাড়ায় সয়াবিন তেল ও পাম অয়েলের দাম কমে এসেছে।