৫৩ বছর পর জাপানে মাসকটের নাম পরিবর্তন করছে ম্যাকডোনাল্ড’স

৫৩ বছর ধরে দেশটিতে লাল-হলুদ রঙের জনপ্রিয় চরিত্রটির নাম ছিল ‘ডোনাল্ড ম্যাকডোনাল্ড’।

জাপানে মাসকটের (প্রতীকী চরিত্র) নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স। ৫৩ বছর ধরে দেশটিতে লাল-হলুদ রঙের জনপ্রিয় চরিত্রটির নাম ছিল ‘ডোনাল্ড ম্যাকডোনাল্ড’। এখন থেকে এটি বিশ্বব্যাপী ব্যবহৃত মূল নাম ‘রনাল্ড ম্যাকডোনাল্ড’ হিসেবেই পরিচিত হবে। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি।

মাসকট হলো এমন ব্যক্তি, প্রাণী, কল্পিত চরিত্র বা বস্তু, যা কোনো নির্দিষ্ট ব্র্যান্ড, কোম্পানি, ক্রীড়া দলের প্রতিনিধিত্বকারী প্রতীক হিসেবে ব্যবহার হয়।

ম্যাকডোনাল্ড’সের মাসকটটি যুক্তরাষ্ট্রের টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ করে ১৯৬৩ সালে। সেখানে শুরু থেকেই এটি রনাল্ড ম্যাকডোনাল্ড নামে পরিচিত ছিল। কিন্তু ১৯৭১ সালে জাপানে প্রথম শাখা চালুর সময় এর নাম বদলে ‘ডোনাল্ড’ রাখা হয়। ঐতিহাসিক তথ্যানুযায়ী, ম্যাকডোনাল্ড’স জাপানের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা দেন ফুজিটার ধারণা ছিল, স্থানীয়দের পক্ষে ‘রনাল্ড’ উচ্চারণ করা কঠিন হতে পারে। তবে ভাষাবিজ্ঞান ও জাপানি বর্ণমালার বিচারে যুক্তিটি খুব একটা শক্তিশালী নয়।

অনেকের মতে, জাপানের ইতিহাসে প্রথম ইংরেজি শিক্ষক রনাল্ড ম্যাকডোনাল্ডের সঙ্গে বিভ্রান্তি এড়াতেও এমনটি করা হয়ে থাকতে পারে।

এদিকে নাম পরিবর্তনের ঘোষণা আসার পর জাপানের সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক পুরনো গ্রাহকের মতে, নতুন নামে অভ্যস্ত হতে তাদের কিছুটা সময় লাগবে।

তবে শুধু ব্যবসায়িক বা বিপণন প্রচারণার জন্য পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে ফাস্ট ফুড চেইনটি। নাম পরিবর্তনের মূল কারণ হিসেবে একটি জনকল্যাণমূলক উদ্যোগের কথা জানানো হয়। ম্যাকডোনাল্ড’সের দাতব্য সংস্থা ডোনাল্ড ম্যাকডোনাল্ড হাউজ জাপান বিশ্বজুড়ে অসুস্থ শিশুদের চিকিৎসায় কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম ও অভিন্ন লক্ষ্যকে আরো স্পষ্টভাবে তুলে ধরতে সংস্থাটি নাম বদলে রনাল্ড ম্যাকডোনাল্ড হাউজ জাপান রাখছে। এ সামাজিক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রাখতেই মাসকটের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ড’স জাপান। —খবর ও ছবি জাপান টুডে

আরও