জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পাটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৪ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এছাড়া নাম পরিবর্তন ও নিয়মাবলি সংশোধনের জন্য একই দিনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা।
রিজার্ভে রয়েছে ২ হাজার ৪১৩ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮। এর ৫৮ দশমিক ৬৭ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ১০, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯২ টাকা ৭৯ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৪ টাকা ১৫ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৯০ পয়সায়।