যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে গম উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইইউএসডিএ)। এ সময় দেশটিতে খাদ্যশস্যটির মোট উৎপাদন পৌঁছতে পারে ১৯৮ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার বুশেলে। এটি আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় ৫ কোটি ৭৫ লাখ ১১ হাজার বুশেল এবং ২০২৪ সালের উৎপাদনের তুলনায় ৩ শতাংশ বেশি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ৩ কোটি ৭২ লাখ ৪১ হাজার একর জমিতে গম চাষ করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কম। প্রতি একরে গড় উৎপাদন ধরা হয়েছে ৫৩ দশমিক ৩ বুশেল, যা রেকর্ড সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদনকারী দেশ। দেশটির প্রধান গম উৎপাদন এলাকা কানসাস, নর্থ ডাকোটা, মন্টানা, ওকলাহোমা ও ওয়াশিংটন অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রে মূলত দুই ধরনের গম উৎপাদন হয়—হার্ড রেড উইন্টার ও সফট রেড উইন্টার। উন্নত কৃষিপ্রযুক্তি, আধুনিক সেচ ব্যবস্থা ও জেনেটিক উন্নয়নের ফলে উৎপাদন সক্ষমতা অনেক বেড়েছে।