যুক্তরাষ্ট্রে পেপসিকোর পরিবর্তে কোকা-কোলার পানীয় বিক্রি করবে কেএফসি। আগামী বছর থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে রেস্তোরাঁটির মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস। কয়েক দশকের মধ্যে এ প্রথম পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান পরিবর্তন করছে কেএফসি। খবর সিএনবিসি।
১৯৮৬ সালে কেএফসি অধিগ্রহণের পর থেকে পেপসিকো যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁগুলোয় নিজস্ব পানীয় বিক্রি করে আসছে। তবে ইয়াম ব্র্যান্ডসের অধীনে আসার পরও পেপসির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে এ ফাস্টফুড জায়ান্ট। বর্তমানে কেএফসির কিছু আন্তর্জাতিক বাজারে কোকা-কোলার পানীয় বিক্রি হলেও যুক্তরাষ্ট্রে এত দিন পেপসিরই ছিল প্রধান।
পানীয় সরবরাহকারী পরিবর্তনের সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের বাজারে ক্রেতা ফেরানোর চেষ্টা করছে কেএফসি। চিক-ফিল-এ ও পোপাইসের মতো প্রতিদ্বন্দ্বী চেইনের কাছে সম্প্রতি গ্রাহক হারিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ পরিবর্তনের অন্যতম লক্ষ্য ক্রেতাদের নতুন করে আকৃষ্ট করা।