সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির বৈঠকে অনুমোদন

এলএনজি সার চিনি কিনবে সরকার

দেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ৭০ হাজার টন সার এবং ২৫ হাজার টন পরিশোধিত চিনি ক্রয়ের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

দেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ৭০ হাজার টন সার এবং ২৫ হাজার টন পরিশোধিত চিনি ক্রয়ের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২২-২৩ সেপ্টেম্বর ২০২৫ সময়ে, ৪০তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

পেট্রোবাংলা এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ২৮৯ ডলার। এতে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫১৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৬ টাকা।

কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি পৃথক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অষ্টম লটের আওতায় সৌদি আরবের মা’আদেনের কাছ থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে। প্রতি টন সারের দাম পড়বে ৭৮১ ডলার। এ হিসেবে ব্যয় হবে প্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা।

অন্যদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) প্রথম লটের আওতায় বাংলাদেশের কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কিনবে। এতে ব্যয় হবে প্রায় ১৬৪ কোটি ৯১ লাখ টাকা। প্রতি টন ইউরিয়া সারের দাম পড়বে ৪৪৮ দশমিক ৩৭ ডলার।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব বৈঠকে অনুমোদন দেয়া হয়। এর আওতায় সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ২৫ হাজার টন পরিশোধিত চিনি কিনবে। এতে ব্যয় হবে প্রায় ১৭৫ কোটি ৯৮ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৬ দশমিক ৬৬ টাকা।

আরও