ভারত সরকারকে গম আমদানি শুল্ক কমানোর আহ্বান ব্যবসায়ীদের

ভারত সরকারকে গম আমদানি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন দেশটির স্থানীয় ব্যবসায়ীরা।

ভারত সরকারকে গম আমদানি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন দেশটির স্থানীয় ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এমন আহ্বান জানানো হয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

রোলার ফ্লাওয়ার মিলারস ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি নভনীত চিতলাঙ্গিয়া গোয়ার পানাজিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘ফসলের আকার, সংগ্রহ ও বাজারে অবশিষ্ট পরিমাণ পুনর্মূল্যায়ন করার পর সরকারের আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা উচিত।’

তিনি আরো বলেন, ‘ভারতে সম্প্রতি অভ্যন্তরীণভাবে গম উৎপাদন আরো কমেছে। ২০-৩০ লাখ টন আমদানি করা গেলে বর্তমান ঘাটতি দূর হতে পারে। এ শিল্প অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমরা সরকারকে অনুরোধ করছি, বর্তমান শুল্কের বিষয়টি বিবেচনা করতে। শুল্ক বাতিল অথবা প্রয়োজন অনুযায়ী এটিকে কমিয়ে আনা যেতে পারে।’

ভারত ২০১৯ সালের এপ্রিলে গম আমদানি শুল্ক ৩০ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করেছিল। এখনো তা বজায় রেখেছে। ব্যবসায়ীরা সরকারকে গম আমদানি শুল্ক ৫-১০ শতাংশে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে।

চিতলাঙ্গিয়া বলেন, ‘বর্তমান ২০২৪-২৫ শীতকালীন মৌসুমে গম উৎপাদন ১১ কোটি টনে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে শিল্প সংস্থা। গত বছর ফেডারেশন ১০ কোটি ৬০ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল, যেখানে সরকারি অনুমান ছিল ১১ কোটি ৩০ লাখ টন। এছাড়া গত দুই বছরে ভারত সরকার কেন্দ্রীয় মজুদের জন্য ২ কোটি ৬০ লাখ টন গম সংগ্রহ করেছে।’

আরও