অটোমেশনের মাধ্যমে পঞ্চম প্রজন্মের (৫জি) স্মার্ট পোর্ট সেবা দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে সমীক্ষা যাচাই চুক্তি করেছে রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে।
বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুনিরুজ্জামান এবং এক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের জন্য ৫জি-ভিত্তিক প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে এক্সেনটেক। এতে বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ, স্মার্ট অ্যাকসেস কন্ট্রোলিংসহ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হবে। এছাড়া বন্দরের টেস্টিং ল্যাব অটোমেশন এবং যানবাহন ও গ্যান্ট্রি ক্রেইন স্মার্ট পদ্ধতিতে পরিচালনার সম্ভাব্যতাও যাচাই করা হবে।
এ বিষয়ে এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, ‘এন্টারপ্রাইজ পর্যায়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রবির ৫জি-ভিত্তিক সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে এ চুক্তি আমাদের ৫জি অগ্রযাত্রায় একটি মাইলফলক।’ বন্দর কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধিতে আমাদের ৫জি স্মার্ট সলিউশন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. আশরাফুল কবির, এক্সেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিরেক্টর–করপোরেট বিজনেস মো. আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।