বেক্সিমকোকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করল শ্রম মন্ত্রণালয়

বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার।

বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান কায়সার চৌধুরীর কাছে চেক হস্তান্তর করা হয়। আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের পাওনা পরিশোধ করা হবে। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। ৯ মার্চ থেকে লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শ্রম উপদেষ্টা বলেছেন, ‘বেক্সিমকোর বন্ধ কারখানার ৩১ হাজার ৬৬৯ শ্রমিক ও ১ হাজার ৫৬৫ কর্মকর্তাকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হবে। এজন্য অর্থ বিভাগ তাদের পরিচালন ব্যয় থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ ও শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে বাকি ২০০ কোটি টাকা দেবে। শুক্রবার (আজ) বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে। ৯ মার্চ থেকে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

প্রসঙ্গত, গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই সংকটের মধ্যে পড়েছে গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠান।

দেশের সরকারি-বেসরকারি ব্যাংক থেকে বিপুল অংকের ঋণ নিয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। এক্ষেত্রে প্রভাব খাটিয়ে প্রয়োজনীয় জামানত ছাড়াই ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে। এমনকি বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালক ও সহযোগী কোম্পানির কাছে থাকা শেয়ার বন্ধক রেখেও ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে। বর্তমানে দেশের পুঁজিবাজারে বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।

আরও