ভিয়েতনামে চলতি মৌসুমের নতুন কফি বিন আসতে শুরু করেছে। এ কারণে পণ্যটির সরবরাহ বাড়িয়েছেন দেশটির কৃষকরা। অন্যদিকে বড়দিন ও নববর্ষের ছুটিকে সামনে রেখে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার কফি বাজারে লেনদেন তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলের কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন ৯৫ হাজার ২০০ থেকে ৯৭ হাজার ডং দরে বিক্রি করেছেন। এক সপ্তাহ আগেও যা ছিল কেজিপ্রতি ৮৮ হাজার ৭০০ থেকে ৯০ হাজার ডং। এদিকে মার্চে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম চলতি সপ্তাহের শুরু থেকে ১৮৯ ডলার বেড়ে গত সপ্তাহের লেনদেনের শেষ দিন বুধবার টনপ্রতি ৩ হাজার ৮৫৮ ডলারে পৌঁছে।
সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে অবস্থানরত এক ব্যবসায়ী বলেন, ‘বাজারে কফি সরবরাহ বেড়েছে। এ কারণে সাম্প্রতিক দিনগুলোয় বাজার চাঙ্গা হয়ে উঠেছে। এখন ক্রেতা ও বিক্রেতার মধ্যে দামের সমন্বয় করা অনেক সহজ।’
আরেক ব্যবসায়ী বলেন, ‘কৃষকরা মজুদ ধরে রাখতে শুরু করার আগেই এখন কফি কেনার উপযুক্ত সময়। কারণ বর্তমানে বাজারে কফি সরবরাহ প্রচুর।’
তিনি আরো বলেন, ‘ইন্দোনেশিয়ায় আগামী বছরের এপ্রিলে ক্ষুদ্র পরিসরের নতুন ফসল আসা পর্যন্ত ভিয়েতনামই রোবাস্তা কফির একমাত্র সরবরাহকারী হিসেবে থাকবে। কৃষকরা যখন বড় পরিসরে কফি সরবরাহ বন্ধ করবেন, তখন দাম আরো বাড়তে পারে।’
এদিকে ব্যবসায়ীরা মার্চের এলআইএফএফই (লন্ডনের ফিউচার্স এক্সচেঞ্জ) চুক্তির বিপরীতে ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড২ রোবাস্তা কফি টনপ্রতি ৬০ ডলার ছাড়ে অফার করেছেন।