ফিউচার মার্কেটে বৃদ্ধি পেয়েছে চাইনিজ ইস্পাতের দাম। উৎপাদন খাতে নিয়ন্ত্রণ আরোপের উদ্বেগে ইস্পাতজাত রড ও হট রোলড কয়েলের দাম সর্বশেষ কার্যদিবসে ৩ শতাংশেরও বেশি বেড়েছে। খবর রয়টার্স।
অবকাঠামো নির্মাণ খাতের অন্যতম উপাদান ইস্পাতজাত রড। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহের জন্য সর্বাধিক লেনদেন হওয়া রডের দাম বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম উঠেছে টনপ্রতি ৫ হাজার ৪৩৯ ইউয়ান বা ৮৪০ ডলার ৯৯ সেন্ট পর্যন্ত।
এদিকে উৎপাদন খাতে ব্যবহূত হয় হট রোলড কয়েল। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ইস্পাতজাত পণ্যটির দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টন হট রোলড কয়েলের দাম উঠেছে ৫ হাজার ৭৬৮ ইউয়ান পর্যন্ত, যা ১৯ মের পর সর্বোচ্চ। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে স্টেইনলেস স্টিলের আগস্টে সরবরাহ চুক্তিমূল্য বেড়েছে দশমিক ৩ শতাংশ।