জ্বালানি তেলের সপ্তাহব্যাপী লেনদেনে সম্ভাব্য বৃদ্ধির হার ২%

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে প্রায় ২ শতাংশ বৃদ্ধির পথে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে প্রায় ২ শতাংশ বৃদ্ধির পথে। গতকালও পণ্যটির দাম আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এ খাতের ব্যবসায়ীরা এখনো মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগে আছেন। তবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৩৩ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৪ ডলার ৭১ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে আগের দিনের তুলনায় ৩১ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭০ ডলার ৫০ সেন্টে।

জ্বালানি তেলের বাজারের বিনিয়োগকারীরা চীনের অর্থনৈতিক প্রণোদনার নীতি নিয়ে আরো স্পষ্ট তথ্যের জন্য অপেক্ষা করছেন। যদিও বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ পণ্যটির চাহিদায় খুব বেশি প্রভাব ফেলবে না।

এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস গত বৃহস্পতিবার আগামী বছরের জন্য ব্রেন্টের দামের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। আগামী বছর তা ব্যারেলপ্রতি ৭০-৮৫ ডলারের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও