বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সুপারিশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ২৩ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৪ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৮৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ২২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইউনাইটেড পাওয়ারের ইপিএস হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ২২ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ইউনাইটেড পাওয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৮ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড পাওয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, আগের বছরে যা ছিল ১০ টাকা ২৪ পয়সা।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৬৪৯ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০। এর ৯০ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৪০, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল ইউনাইটেড পাওয়ারের শেয়ার সর্বশেষ ১৩৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১১১ টাকা থেকে ১৫৫ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।