ডিসেম্বরে এক লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে চায় এনবিআর

চলতি ডিসেম্বরের মধ্যে আরো এক লাখ প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চলতি ডিসেম্বরের মধ্যে আরো এক লাখ প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল ভ্যাট দিবস উপলক্ষে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান খান এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের ভ্যাট পেমেন্ট যারা করেন, যাদের হাত দিয়ে ভ্যাট পেমেন্ট হয়—বিশেষ করে ব্যবসায়ীরা—তাদের ভ্যাট নেটটা যথেষ্ট ছোট। এখন মোটামুটি ৬ লাখ ৪৪ হাজার রেজিস্টার্ড ভ্যাট পেয়ার আছেন। কিন্তু দেশে যত ব্যবসা-বাণিজ্য হয় বা যত দোকানপাট আছে, তার তুলনায় এ সংখ্যা খুবই সামান্য। অর্থাৎ, সিংহভাগ ব্যবসাপ্রতিষ্ঠানই এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে রয়ে গেছে।’

জরিপ অনুযায়ী কতসংখ্যক প্রতিষ্ঠান এখনো ভ্যাটের আওতার বাইরে, এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এ মুহূর্তে আমার কাছে ডাটা নেই। সুতরাং সেভাবে বলতে পারব না। তবে সংখ্যাটি বড়।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আবদুর রহমান খান জানান, আগামী এক-দুই বছরের মধ্যে ৩০-৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার লক্ষ্য রয়েছে তাদের। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে তিনি অনলাইনে সহজ ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে অনলাইনে সহজে ভ্যাট রিটার্ন ব্যবস্থা চালুর স্বপ্ন দেখছি, যেখানে এক ক্লিকে রিটার্ন দেয়া যাবে।’

এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ভ্যাট নিবন্ধন বাড়ানো অত্যন্ত জরুরি এবং নিবন্ধন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তুলতে পারলে সামগ্রিকভাবে ভ্যাট শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি জানান, বহুল প্রত্যাশিত স্বয়ংক্রিয় ভ্যাট রিফান্ড ব্যবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কার্যক্রম শুরু হলে রিফান্ড পেতে বিলম্ব কমবে এবং ব্যবসায়ীদের জন্য স্বচ্ছতা বাড়বে।

প্রতি বছরের মতো এবারো ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করবে এনবিআর। আজ থেকে মাসজুড়ে দেশব্যাপী নিবন্ধন প্রচারণা চালাবে তারা। ভ্যাট নিবন্ধনকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।

এ প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, ‘এ মাসে আমরা যে ভ্যাট সপ্তাহ পালন করব এবং ডিসেম্বরের পুরো মাসব্যাপী যে ড্রাইভ চলবে, সেখানে আমরা নতুন করে এক লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করব।’

আরও