আইইএর প্রতিবেদন

কয়লার ব্যবহার রেকর্ড সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাস

বিশ্বব্যাপী কয়লার ব্যবহার চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। ২০২৭ সাল পর্যন্ত তা সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকতে পারে।

বিশ্বব্যাপী কয়লার ব্যবহার চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। ২০২৭ সাল পর্যন্ত তা সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকতে পারে। বুধবার এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর বিজনেস রেকর্ডার।

সংস্থাটি জানায়, এশিয়ার দেশগুলোয় কয়লার ঊর্ধ্বমুখী চাহিদা এ সময় ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপে জ্বালানি পণ্যটির ব্যবহার কমছে।

বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বর্তমানে মাত্র ৩৫ শতাংশ। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও দিন দিন বাড়ছে। এর পরও পণ্যটির চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইইএ। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা ৮৭৭ কোটি টনে পৌঁছতে পারে। এক্ষেত্রে চীনের চাহিদা বিশ্বের বাকি অংশের তুলনায় প্রায় তিন গুণ বেশি থাকবে।

বিশ্বব্যাপী কয়লা ব্যবহারে উল্লেখযোগ্য হিস্যা রয়েছে ভারতের। আইইএ জানায়, চলতি বছর ভারতে কয়লার ব্যবহার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মিলিত ব্যবহারের তুলনায় বেশি হবে। দেশটির কয়লার চাহিদা ৫ শতাংশেরও বেশি বেড়ে ১৩০ টনে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর আগে একমাত্র চীনের কয়লা ব্যবহার এমন স্তরে পৌঁছেছিল।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চীন ৫০ কোটি টনের বেশি কয়লা আমদানি করতে পারে, যা আগের রেকর্ডের তুলনায় দ্বিগুণের বেশি।

আইইএ আরো জানায়, আগামী কয়েক বছর চীন বায়ু ও সৌর বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণে আরো বেশি মনোযোগ দিতে পারে। এতে কমতে পারে কয়লার ওপর নির্ভরতা। যদিও এখানে কিছু অনিশ্চয়তাও রয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তবে আগামী বছরগুলোয় দেশটিতে যানবাহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ (হিটিং ও কুলিং সিস্টেম) ও ডাটা সেন্টারের মতো খাতগুলোয় বিদ্যুতের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বাড়বে।

বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী দেশ চীন। আইইএর এনার্জি মার্কেটস অ্যান্ড সিকিউরিটি বিভাগের পরিচালক কেইসুকে সাদামরি বলেন, ‘আবহাওয়া সম্পর্কিত কারণ, বিশেষ করে চীনে কয়লার চাহিদায় স্বল্পমেয়াদি প্রবণতায় বড় প্রভাব ফেলতে পারে। মধ্যমেয়াদে গুরুত্বপূর্ণ হতে পারে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি।’

এদিকে চীনে গত মাসে দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। সম্প্রতি দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে চীন মোট ৪২ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৪২ লাখ ৭০ হাজার টন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ ধারাবাহিকতায় চলতি বছর দেশটি রেকর্ড উত্তোলন করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এনবিএসের তথ্যানুযায়ী, চীন অক্টোবরে দৈনিক গড়ে ১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টন উত্তোলন করেছিল। আগের মাসে করেছিল ১ কোটি ৩৮ লাখ ২০ হাজার টন।

আরও