জুলাই-সেপ্টেম্বর

জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ত চার কোম্পানির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে জ্বালানি খাতে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত চার কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে।

পুঁজিবাজারে জ্বালানি খাতে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত চার কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। কোম্পানিগুলো হলো পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি। কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল: চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি বিক্রির পরিমাণ কমলেও আয় ও মুনাফা বেড়েছে। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির জ্বালানি তেল বিক্রি হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৫৬৯ টন, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ১৮৮ টন। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৭৬ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭০ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯০ কোটি ৭৮ লাখ টাকা।

কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ (এফডিআর) ও পরিচালন-অপরিচালনসহ অন্যান্য ব্যয় বাড়ার কারণে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ২৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪৪ টাকা ২৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২৩১ টাকা ৫৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ১৭ ডেসেম্বর বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

মেঘনা পেট্রোলিয়াম: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে মেঘনা পেট্রোলিয়ামের আয় হয়েছে ৬৭ কোটি ১৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৯ কোটি ৩০ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯১ কোটি টাকা।

মুনাফা বাড়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির বিক্রি ও অন্যান্য পরিচালন আয় বেড়েছে।

প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৪২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪৬ টাকা ৮৫ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ১ ফেব্রুয়ারি ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে।

যমুনা অয়েল: চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৪ কোটি টাকা। কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যাংক ডিপোজিটের সুদ আয় আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে, যার ফলে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ টাকা ৫৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪৭ টাকা ৯৪ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৪২ কোটি, আগের হিসাব বছরে যা ছিল ৩৪১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।

ইস্টার্ন লুব্রিক্যান্টস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিরি কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৬ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৯৭ টাকা ১ পয়সা।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮৭ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল।

আরও