বিশ্ববাজারে আকরিক লোহার দরপতন

আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে আকরিক লোহার দাম। চীনের বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় এ প্রবণতা দেখা গেছে। বিশ্ববাজারে কাঁচামালটির আগাম সরবরাহ চুক্তির দর কমে প্রতি টন ৭০০ ইউয়ানের কাছাকাছি নেমে এসেছে। এ দর গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। খবর হেলেনিক শিপিং নিউজ।

সম্প্রতি প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, জুলাইয়ে চীনে ব্যাংক ঋণের প্রবাহ ব্যাপকভাবে কমেছে। নতুন বাড়িঘর নির্মাণ এবং অবকাঠামো খাতের বিনিয়োগের গতি ধীর হয়ে এসেছে। এ খাত দুটিই দেশটির ইস্পাত ব্যবহারের প্রধান ক্ষেত্র। ফলে সেখানে ইস্পাতের ব্যবহার অনেকাংশে কমে গেছে। এতে আকরিক লোহার চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে বাজারের এ মন্দাভাবের মধ্যেও দেশটির ইস্পাত উৎপাদনে সামান্য বৃদ্ধি দেখা গেছে। চীনের ইস্পাত কারখানাগুলোয় ব্লাস্ট ফার্নেসের পরিচালন হার বেড়ে গত সপ্তাহে ৮২ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে দশমিক ৩২ শতাংশ পয়েন্ট বেশি।

অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য সূত্রে জানা গেছে, গত এপ্রিলে চীনের রাষ্ট্রায়ত্ত লোহা ক্রয়কারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক খনি কোম্পানি অ্যাংলো আমেরিকানের সঙ্গে একটি বার্ষিক সরবরাহ চুক্তি সম্পন্ন করেছে। তবে দেশটির প্রধান খাতগুলোতে টেকসই চাহিদা না থাকায় লোহা ও ইস্পাতের বাজার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

আরও