ইউরোজোনে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে বুলগেরিয়া

নতুন বছরের প্রথম দিনে ইউরো মুদ্রা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বুলগেরিয়া।

নতুন বছরের প্রথম দিনে ইউরো মুদ্রা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বুলগেরিয়া। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা ও রাশিয়াসমর্থিত ভুল তথ্যের কারণে দেশটিতে নতুন মুদ্রার প্রতি অবিশ্বাস বেড়েছে। খবর দ্য গার্ডিয়ান।

৬৫ লাখ জনসংখ্যার বলকান দেশ বুলগেরিয়া ২১তম সদস্য হিসেবে যোগ দেবে ইউরোজোনে। ব্রাসেলস ও সোফিয়ার নীতিনির্ধারকরা আশা করছেন এ উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে দরিদ্র দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বলেছেন, ‘ইউরোর কারণে বুলগেরিয়ায় আরো বাণিজ্য, বিনিয়োগ এবং গুণমানসম্পন্ন কর্মসংস্থান ও আয় বাড়বে।’

সম্প্রতি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সফরকালে ইকোনমি কমিশনার ভ্যালডিস ডমব্রোভস্কিস বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। এটি ইউরোপীয় ঐক্যের গুরুত্বকে আরো তুলে ধরে।’

তিনি আরো বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বুলগেরিয়াসহ বেশির ভাগ ইউরোপীয় দেশ একা যথেষ্ট বড় নয়। বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় সম্পূর্ণভাবে যুক্ত হয়ে দেশগুলো প্রয়োজনীয় গুরুত্ব অর্জন করতে পারে।’

এসব সুবিধা সত্ত্বেও বলকান দেশটির নাগরিকরা ইউরো বিষয়ে একমত নয়। বুলগেরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নাগরিকদের ৫১ শতাংশ একক মুদ্রায় যোগ দেয়ার পক্ষে এবং ৪৫ শতাংশ বিপক্ষে।

গত জুনে ইউরোপীয় কমিশনের অনুমোদনের পর ইউরোয় যোগ দেয়ার প্রক্রিয়া নিয়ে সংসদে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

সোফিয়ার মার্কেট ইকোনমিকস ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো পিটার গানেভ বলেন, ‘ইউরো নিয়ে বিভাজন দেশটির বৃহত্তর রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন।’

আরও