চীনে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি বেড়েছে প্রায় ২৯ শতাংশ

চীন অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মতো যুক্তরাষ্ট্র থেকে কোনো সয়াবিন আমদানি করেনি।

চীন অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মতো যুক্তরাষ্ট্র থেকে কোনো সয়াবিন আমদানি করেনি। তবে এ সময় দক্ষিণ আমেরিকা থেকে দেশটির সয়াবিন আমদানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির ব্রাজিল থেকে সয়াবিন আমদানি অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ায় সরবরাহ বিঘ্ন এড়াতেই চীনা ক্রেতারা ব্রাজিল ও আর্জেন্টিনার দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি শূন্যে নেমে এসেছে, গত বছরের একই সময় যা ছিল ৫ লাখ ৪১ হাজার টন।

অন্যদিকে অক্টোবরে ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানি গত বছরের তুলনায় ২৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭১ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। এটি গত মাসে দেশটির মোট আমদানির তিন-চতুর্থাংশের বেশি। এ সময় আর্জেন্টিনা থেকে আমদানি ১৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৫ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস আরো জানায়, অক্টোবরে চীনের মোট সয়াবিন আমদানির পরিমাণ ছিল ৯৪ লাখ ৮০ হাজার টন। এছাড়া জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ব্রাজিল থেকে এসেছে ৭ কোটি ৮ লাখ টন সয়াবিন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময় আর্জেন্টিনা থেকে আমদানি ২৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪৪ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে।

আরও