এশিয়ার স্বর্ণবাজারে গত সপ্তাহে মিশ্র চিত্র দেখা গেছে। এ সময় ভারতে দাম কিছুটা কমলেও ক্রেতারা বড় ধরনের মূল্য সংশোধনের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দরপতনের কারণে গত সপ্তাহে চীন ও সিঙ্গাপুরে স্বর্ণের ক্রয় বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ভারতের স্থানীয় ডিলাররা গত সপ্তাহে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি আউন্সে সর্বোচ্চ ২৫ ডলার পর্যন্ত প্রিমিয়াম (মূল্য সংযোজন) ধার্য করেছেন, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত। উল্লেখ্য, এর মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।
গত শুক্রবার ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ২২ হাজার ৭০০ রুপি। আগের সপ্তাহে ভারতে মূল্যবান ধাতুটির দাম প্রতি ১০ গ্রামে রেকর্ড ১ লাখ ৩২ হাজার ২৯৪ রুপিতে পৌঁছেছিল।
এ বিষয়ে মুম্বাইয়ের এক গহনা ব্যবসায়ী জানান, গত সপ্তাহে ক্রেতাদের মধ্যে স্বর্ণের চাহিদা ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু দাম কমার পর অনেকেই এবার তা আরো নিম্নমুখী হওয়ার অপেক্ষা করছেন।
মুম্বাইয়ের এক বেসরকারি ব্যাংকের একজন বুলিয়ন ডিলার জানান, সাম্প্রতিক দরপতনের কারণে আগামী সপ্তাহে আমদানির ভিত্তিমূল্য (বেস ইমপোর্ট প্রাইস) কমতে পারে, এমন প্রত্যাশায় বর্তমানে নতুন আমদানি অর্ডারগুলো সতর্কভাবে দেয়া হচ্ছে। এ কারণে স্বর্ণের বেচাকেনা কমেছে। উল্লেখ্য, স্বর্ণ আমদানির এ ভিত্তিমূল্য প্রতি ১৫ দিনে একবার নির্ধারণ করা হয়। এটি আমদানি শুল্ক নিরূপণে ব্যবহার হয়।
অন্যদিকে বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ চীনে মূল্যবান ধাতুটি কেনাবেচা হয়েছে বৈশ্বিক স্পট মূল্যের তুলনায় আউন্সপ্রতি ২০ ডলার মূল্যছাড় থেকে ৮ ডলার প্রিমিয়াম পর্যন্ত। এমকেএস প্যাম্পের গ্রেটার চায়নার আঞ্চলিক পরিচালক বার্নার্ড সিন জানান, স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার থেকে ৪ হাজার ৩০০ ডলারের মধ্যে ওঠানামা করলেও বিনিয়োগকারীরা বিক্রিতে আগ্রহী নয়। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা ও সুদহার কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির চাহিদা এখনো বেশি।
গত সপ্তাহে হংকংয়ে স্বর্ণ বিক্রি হয়েছে স্পট মার্কেটের সমান থেকে আউন্সপ্রতি ২ ডলার ২০ সেন্ট প্রিমিয়ামে। সিঙ্গাপুরে লেনদেন হয়েছে সমমূল্য থেকে সর্বোচ্চ ২ ডলার ৫০ সেন্ট প্রিমিয়ামে। স্থানীয় প্রতিষ্ঠান গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ‘দাম কমার সুযোগে অনেক গ্রাহক স্বর্ণ ও রুপার ক্রয় বাড়িয়েছেন।’
জাপানে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে বৈশ্বিক স্পট দামের তুলনায় আউন্সপ্রতি ১ ডলার প্রিমিয়ামে।