যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ ট্রিকাফটার জেনেরিক সংস্করণ ‘ট্রিকো’ বাজারে আনার ঘোষণা দিয়েছে বেক্সিমকো ফার্মা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত নর্থ আমেরিকান সিস্টিক ফাইব্রোসিস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। ওষুধটি ২০২৬ সালের এপ্রিল নাগাদ সরবরাহ করা যাবে বলে জানানো হয়েছে।
কনফারেন্সে জানানো হয়, বেক্সিমকো ফার্মার তৈরি ট্রিকোর মাধ্যমে প্রতিটি শিশুর জন্য বছরে ব্যয় হবে মাত্র ৬ হাজার ৩৭৫ ডলার, যেখানে মার্কিন কোম্পানির তৈরি ট্রিকাফটার খরচ বছরে ৩ লাখ ৭০ হাজার ডলার।
বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ওষুধ তৈরি নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। সিস্টিক ফাইব্রোসিসের মতো বিরল রোগের চিকিৎসা খুবই সীমিত এবং তা এতটাই ব্যয়বহুল, যা বেশির ভাগ রোগীর সামর্থ্যের বাইরে। আমাদের তৈরি সাশ্রয়ী মূল্যের ট্রিকো সেই ব্যবধান ঘোচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’