চুক্তিমূল্য ১৮ বিলিয়ন ডলার

ডাচ কফি কোম্পানি অধিগ্রহণ কিউরিগ ডক্টর পেপারের

নেদারল্যান্ডসের কফি গ্রুপ জেডিই পিট’সকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে কিউরিগ ডক্টর পেপার (কেডিপি) কোম্পানি।

নেদারল্যান্ডসের কফি গ্রুপ জেডিই পিট’সকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে কিউরিগ ডক্টর পেপার (কেডিপি) কোম্পানি। ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলারের বেশি দামে কোম্পানিটি কিনতে যাচ্ছে ডক্টর পেপার, সেভেনআপ ও কিউরিগ কফির যুক্তরাষ্ট্রভিত্তিক মালিকানা প্রতিষ্ঠানটি। খবর সিএনএন।

এ-বিষয়ক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জেডিই পিট’সের শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ৩৭ ডলার ২৬ সেন্ট নগদ পরিশোধ করবে কেডিপি। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৮৪০ কোটি ডলার বা ১ হাজার ৫৭০ কোটি ইউরো। অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটি দুটি আলাদা তালিকাভুক্ত কোম্পানিতে বিভক্ত হবে। এর মধ্যে বেভারেজ কো. পানীয় ব্যবসা পরিচালনা করবে। অন্যদিকে বৈশ্বিক কফি বাজারে কার্যক্রম পরিচালনা করবে গ্লোবাল কফি কো.।

এ ঘোষণার পর আমস্টারডামে জেডিই পিট’সের শেয়ারমূল্য একদিনেই ১৭ দশমিক ৪৮ শতাংশ বেড়ে কোম্পানির ইতিহাসে সর্বোচ্চে পৌঁছায়। তবে কেডিপির শেয়ার দর ১১ দশমিক ৪৮ শতাংশ কমে যায়, যা ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বড় পতন। বিশ্লেষকদের মতে, বড় ধরনের অধিগ্রহণ সাধারণত বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া আনে, তবে দীর্ঘমেয়াদে কফি ও সফট ড্রিংকস ব্যবসাকে আলাদা করার মাধ্যমে প্রতিষ্ঠানটির লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

জেডিই পিট’সের মালিকানাধীন ডাউই এগবার্টস, কেনকো ও পিট’স কফি ব্র্যান্ডগুলো একীভূতকরণের পর গ্লোবাল কফি কো. বার্ষিক প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলারের বাণিজ্যের প্রত্যাশা করছে। বিশ্বের বৃহত্তম কফি কোম্পানি হিসেবে শতাধিক দেশে ব্যবসা পরিচালনা করবে তারা।

কেডিপির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কোফার বলেন, ‘আমরা কার্যক্রম ও আর্থিক দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছি। আমাদের পোর্টফোলিওতে গতি এসেছে এবং কফি খাতও স্থিতিশীল হচ্ছে। তাই এ চুক্তি করার এটাই সঠিক সময়। বেভারেজ কো.-এর নেতৃত্ব দেবেন টিম কোফার এবং কেডিপির বর্তমান প্রধান অর্থ কর্মকর্তা সুধানশু প্রিয়দর্শী গ্লোবাল কফি কো. পরিচালনা করবেন।

২০১৮ সালে কিউরিক গ্রিন মাউন্টেন ও ড. পেপার স্ন্যাপল একীভূত হয়ে গঠিত হয় কিউরিক ড. পেপার। নতুন এ অধিগ্রহণ ও বিভক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারো ভবিষ্যৎ নতুনভাবে সাজাচ্ছে।

আরও