ক্যালিফোর্নিয়ার দাবানলে চাপের মুখে বীমা কোম্পানি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ ১৩ হাজার ৫০০ কোটি থেকে ১৫ হাজার কোটি ডলারে গড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ ১৩ হাজার ৫০০ কোটি থেকে ১৫ হাজার কোটি ডলারে গড়াতে পারে। প্রাথমিক এ পূর্বাভাস দিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকিউওয়েদার ইনকরপোরেটেড। বিস্তৃত এ বিপর্যয়ের প্রভাব পড়তে যাচ্ছে মার্কিন বীমা খাতে, যা আগের যেকোনো বীমা দাবির তুলনায় দ্বিগুণ খরচের দিকে নিয়ে যেতে পারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে। খবর ইউরো নিউজ ও ফক্স বিজনেস।

আধুনিক মার্কিন ইতিহাসে অন্যতম ব্যয়বহুল দাবানল উল্লেখ করে অ্যাকিউওয়েদারের প্রধান আবহাওয়া বিশ্লেষক জোনাথন পোর্টার সম্প্রতি বলেন, ‘ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী বায়ুর কারণে আগুন মাল্টি-মিলিয়ন ডলার মূল্যের বাড়ি রয়েছে এমন এলাকার মধ্য দিয়ে ছুটে চলেছে। এ ধ্বংসাত্মক পরিস্থিতি হৃদয়বিদারক ও অর্থনৈতিক ক্ষতি অত্যন্ত ব্যাপক। এ বিপর্যয় থেকে মোট ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি ক্যালিফোর্নিয়ার বার্ষিক জিডিপির প্রায় ৪ শতাংশ হতে পারে।’

ইউরো নিউজে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, দাবানলে এক হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়েছে, যার বেশির ভাগই বাড়ি। এতে ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া নতুন আগুনের কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে।

অ্যাকিউওয়েদার জানিয়েছে, আগুনের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত অঞ্চল সান্তা মনিকা থেকে মালিবু পর্যন্ত বিস্তৃত, যা যুক্তরাষ্ট্রে সবচেয়ে দামি রিয়েল এস্টেটের মধ্যে একটি। যেখানে গড় বাড়ির মূল্য ২০ লাখ ডলারের বেশি।

অ্যাকিউওয়েদার সংবাদ বিবৃতিতে জানিয়েছে, এখানকার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি পর্যটন ও স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব রয়েছে। ধোঁয়ার কারণে স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে। যেসব স্থাপনা ধ্বংস হয়নি, সেগুলো ধোঁয়ার ক্ষতি এড়াতে পারছে না।

আরো বলা হচ্ছে, দাবানল যদি দ্রুত ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, তবে হাজার হাজার দামি স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে, যা পূর্বাভাসে উল্লেখ করা ক্ষতিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের নতুন বিশ্লেষণ অনুসারে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে সামগ্রিক অর্থনৈতিক ও বীমা ক্ষতি মার্কিন অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে পারে।

জেপি মরগানের বীমা বিশ্লেষকরা জানান, লস অ্যাঞ্জেলেস বিশেষ করে প্যাসিফিক প্যালিসেডস ও অল্টাডেনা এলাকায় দাবানলের ক্ষতি ও বীমাসংক্রান্ত উদ্বেগ বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগুনের কারণে প্রায় ৩০ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১৫ হাজার বাড়ি ও স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

জেপি মরগানের বিশ্লেষকরা বলেন, আগুনের কারণে বীমা কোম্পানির খরচ ২ হাজার কোটি ডলার বা তার বেশি হতে পারে। এটি ২০১৮ সালের বুট কাউন্টি ক্যাম্প ফায়ারের চেয়ে উল্লেখযোগ্যভাবে তীব্র হবে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সর্বোচ্চ বীমা ক্ষতি ছিল এটি, যার পরিমাণ প্রায় ১ হাজার কোটি ডলার।

বুট ক্যাম্প ফায়ারে বীমা কোম্পানির ক্ষতির মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ছিল ব্যক্তিগত সম্পত্তির ধ্বংসজনিত, যা ক্ষতির ৮৬ শতাংশ ছিল, বাণিজ্যিক সম্পত্তির জন্য ১২ শতাংশ ও গাড়িসহ অন্যান্য খাতে ছিল ২ শতাংশ।

২০১৮ সালের ওই অগ্নিকাণ্ডে প্যারাডাইসসহ কাছাকাছি কয়েকটি শহর ধ্বংস হয়ে যায় এবং ৮৫ জন নিহত হন। জেপি মরগান বলছে, ক্যাম্প ফায়ারের তুলনায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বর্তমান দাবানল আরো বেশি মানুষ বসবাস করে এমন এলাকায় প্রভাব ফেলছে। এতে বীমা কোম্পানির ক্ষতির পরিমাণ আরো বেশি হবে।

আরও