ভ্যানগার্ডকে বিনিয়োগের অর্থ ফেরতের নির্দেশ

আইন লঙ্ঘন করে মিউচুয়াল ফান্ডের অর্থ অতালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করার কারণে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ২০ কোটি ৫৯ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দিতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যানুসারে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাধীন ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড থেকে ২০১৩ সালে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে আইন লঙ্ঘন করে ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হয়। কমিশনের আদেশ জারির পর থেকে ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে এ ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা বা ফেরত দিতে বলেছে বিএসইসি। ৩০ দিনের মধ্যে এ অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত এ ফান্ড থেকে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডে আইন লঙ্ঘন করে ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। কমিশনের আদেশ জারির পর থেকে ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে এ ফান্ডে ১৪ কোটি ৮৫ লাখ টাকা জমা বা ফেরত দিতে বলেছে বিএসইসি। ৩০ দিনের মধ্যে এ অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে ১৬ কোটি টাকা জরিমানা গুনতে হবে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুসারে, ৩০ দিনের সময়সীমা পার হওয়ার পরবর্তী সাতদিনের মধ্যে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে আরোপিত জরিমানা নিজস্ব দায় হিসেবে পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ফান্ডের অর্থ বিনিয়োগে অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে ট্রাস্টি হিসেবে যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এ বিনিয়োগের বিপরীতে হঠাৎ করে ৯৯ শতাংশ সঞ্চিতি সংরক্ষণ করার বিষয়টি ফান্ডের নিরীক্ষক মালেক সিদ্দিকি ওয়ালি অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস যথাযথভাবে স্পষ্ট না করার কারণে নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফআরসি কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও