উদ্ভাবনী প্রদর্শনীতে শিল্পমন্ত্রী

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে

শিল্পমন্ত্রী বলেন, ‘উৎপাদনশীলতা একটি সংস্কৃতি। যে দেশগুলো এ সংস্কৃতি গ্রহণ করেছে, তারা ধারাবাহিকভাবে উন্নতি করেছে।

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘ উৎপাদনশীলতা একটি চলমান প্রক্রিয়া; এর কোনো চূড়ান্ত সীমা নেই। কম কর্মঘণ্টায় অধিক ও উন্নতমানের উৎপাদন অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য।’

রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজে গতকাল ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মো. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো. মোকসেদ আলীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘উৎপাদনশীলতা একটি সংস্কৃতি। যে দেশগুলো এ সংস্কৃতি গ্রহণ করেছে, তারা ধারাবাহিকভাবে উন্নতি করেছে। একজন ব্যক্তি কম কর্মঘণ্টায় বেশি আউটপুট অর্জন করবেন—এটাই উৎপাদনশীলতার মূল কথা।’

তিনি আরো বলেন, ‘উৎপাদনশীলতা সবসময়ই একটি আপেক্ষিক বিষয় এবং প্রতিনিয়ত আরো উন্নতি করার সুযোগ রয়েছে।’

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। কোনো শিক্ষার্থী ভালো ধারণা নিয়ে এগিয়ে এলে তার পাশে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থাকবে।’

কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি, সিসিটিভি, প্রজেক্টরসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।’

আরও