ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম গতকাল কমেছে। মূলত চাহিদার ধারাবাহিক পতন এবং সরবরাহ ও মজুদ বেড়ে যাওয়ার কারণেই আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক রাবারের দাম এখন কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে মে মাসে সরবরাহের চুক্তিতে জাপানি রাবারের দাম ১ দশমিক ৬ ইয়েন বা দশমিক ৪৯ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য পৌঁছেছে ৩২৩ দশমিক ৮ ইয়েনে (২ ডলার ৮ সেন্ট)। এ সময় সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মে মাসের সরবরাহের চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম কমেছে ২৪০ ইউয়ান বা ১ দশমিক ৫৮ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ১৪ হাজার ৯৯০ ইউয়ানে (২ হাজার ১২০ ডলার ৫৩ সেন্ট)।
কমোডিটি ইনফরমেশন প্রভাইডার সানসার্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী প্রাকৃতিক রাবারের চাহিদা ১ দশমিক ৮ শতাংশ কমেছে। ফলে স্পট মার্কেটে অতিরিক্ত সরবরাহ ও মজুদ দেখা দিয়েছে।