ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স

টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬’-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল ব্যাংকটি। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ স্বীকৃতি দায়িত্বশীল ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংকের নেতৃত্বকে আরো সুদৃঢ় করেছে। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকটি তার কৌশল, কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে একীভূত করেছে, যা দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

জানা যায়, ব্যাংক ও আর্থিক খাতে ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। ‘সেরা ইএসজি ব্যাংক’ পুরস্কারটি সেসব আর্থিক প্রতিষ্ঠানকে দেয়া হয়, যারা টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার কার্যকর বাস্তবায়নে অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করে।

এ অর্জন সম্পর্কে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘টানা চতুর্থবারের মতো ইউরোমানির এ স্বীকৃতি টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। ইএসজি আমাদের ব্যবসা পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউরোমানির আন্তর্জাতিক স্বীকৃতি প্রাইম ব্যাংকের সামনে এগিয়ে যাওয়ার গতিকে আরো বেগবান করবে। এছাড়া অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক—তিন ক্ষেত্রেই ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিকারী আর্থিক সমাধান প্রদানে ব্যাংকের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।

আরও