ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান প্রায় ২৪ কোটি ডলার

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৩ কোটি ৮০ লাখ ডলার লোকসান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মিডিয়া কোম্পানিটি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পরিচালনা করে। ক্রিপ্টোকারেন্সিসহ নতুন ব্যবসায় প্রবেশের কারণে জুন প্রান্তিকে বড় লোকসান হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান।

ট্রাম্প মিডিয়া গত সোমবার দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করে। তিন মাসে কোম্পানিটির আয় হয়েছে ১৭ লাখ ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় আয় হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে আয় বাড়লেও কোম্পানিটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেয় ট্রাম্প মিডিয়া। অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি খাতেও প্রবেশের চেষ্টা করে কোম্পানিটি। তবে এখন এসব উদ্যোগ থেকে কিছুটা সরে এসে মূল ব্যবসা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি গুরুত্ব দেয়ার সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি।

কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন ম্যাকগার্ন এক সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘কোম্পানি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোয় বেশি সময় ও অর্থ বিনিয়োগ করতে চায়। প্রয়োজন অনুযায়ী কিছু উদ্যোগ বাদ দেয়া বা ব্যবসার দিক পরিবর্তন করা হবে।’

ট্রাম্প মিডিয়ার নতুন ব্যবসায়িক পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রুথ এপিআই। এর মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ ব্যবহারকারীদের পোস্ট ‘দ্রুত পাওয়ার’ সুযোগ বিক্রি করবে কোম্পানিটি। সেবাটি মূলত ওয়াল স্ট্রিটের বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠানকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে কোনো গুরুত্বপূর্ণ নীতি বা সিদ্ধান্তের ঘোষণা দিলে এর প্রভাব দ্রুত শেয়ার, বন্ড ও সুদের বাজারে পড়তে পারে। এসব তথ্য দ্রুত পাওয়ার মাধ্যমে ট্রেডিং প্রতিষ্ঠানগুলো বাজারের ওঠানামা থেকে মুনাফা করার সুযোগ পাবে বলে মনে করছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি গুরুত্ব দেয়ার পরিকল্পনা থাকলেও ট্রাম্প মিডিয়া পারমাণবিক ফিউশন প্রকল্প থেকে সরে আসছে না। জ্বালানি কোম্পানি টিএই টেকনোলজিসের সঙ্গে ঘোষিত একীভূতকরণ চুক্তি বছরের শেষ নাগাদ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

আরও