জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ফেব্রুয়ারিতে আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। নির্মাণ খাতে নিম্নমুখী চাহিদায় এ হ্রাস দেখা গেছে বলে জানিয়েছে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন। খবর রয়টার্স।
সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, গত মাসে জাপানে ইস্পাত উৎপাদন কমে ৬৪ লাখ টনে নেমে এসেছে, যা ২০২০ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। এছাড়া এ সময়ের উৎপাদন জানুয়ারির তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম।
ফেডারেশনের একজন বিশ্লেষক জানান, উপকরণের মূল্য বৃদ্ধির পাশাপাশি শ্রমিক সংকটের কারণে বিভিন্ন নির্মাণ প্রকল্পে বিলম্ব বা স্থগিত করে দেয়া হচ্ছে। ফলে চাহিদা কমে যাওয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে ইস্পাত ও অটোমোবাইল খাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ জাপানের বার্ষিক উৎপাদনকে কয়েক মিলিয়ন টন কমিয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন ফেডারেশনের চেয়ারম্যান তাদাশি ইমাই। তিনি বলেন, ‘জাপানে বার্ষিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন আট কোটি টনের নিচে নেমে যেতে পারে।’