১৭৫০ করপোরেট কর্মী ছাঁটাই করবে সাউথওয়েস্ট

করপোরেট বিভাগে ১৫ শতাংশ জনশক্তি কমিয়ে আনছে সাউথওয়েস্ট এয়ারলাইনস।

করপোরেট বিভাগে ১৫ শতাংশ জনশক্তি কমিয়ে আনছে সাউথওয়েস্ট এয়ারলাইনস। মার্কিন এ ফ্লাইট পরিষেবাদাতার সিদ্ধান্তে প্রায় ১ হাজার ৭৫০ কর্মী প্রভাবিত হবেন। সাউথওয়েস্টে সিইও বব জর্ডান জানান, কোম্পানিটি আগে এ ধরনের পদক্ষেপ না নিলেও এখন খরচ কমানোর উপায় হিসেবে বিষয়টি বিবেচনায় এনেছে। খবর সিএনবিসি।

কোম্পানি বলেছে, জনশক্তি কমানোর মাধ্যমে তারা চলতি বছর ২১ কোটি ও ২০২৬ সালে প্রায় ৩০ কোটি ডলার সাশ্রয় হবে বলে আশা করছে।

সিইও বব জর্ডান বলেন, ‘এমন সিদ্ধান্ত আমাদের ৫৩ বছরের ইতিহাসে প্রথমবার নেয়া হলো। এ ধরনের পরিবর্তন আনতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছি, যখন সাউথওয়েস্ট এয়ারলাইনসকে একটি কার্যকরী, দ্রুত ও আরো নমনীয় প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছি।’

বিনিয়োগ প্রতিষ্ঠান ইলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে এক চুক্তির কয়েক মাস পর কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিল সাউথওয়েস্ট। যদিও পরিচালনা পর্ষদে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি সংস্থাটি।

ওই সময় জর্ডানকে সিইও পদ থেকে সরানোর চাপ দিয়েও সফল হয়নি ইলিয়ট ইনভেস্টমেন্ট।

সাউথওয়েস্ট খরচ কমাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সম্প্রতি। এর মধ্যে রয়েছে নতুন নিয়োগ, ইন্টার্নশিপ প্রোগ্রাম স্থগিতকরণ ও দলবদ্ধ কাজ বন্ধ করা। এছাড়া ব্যবসাবান্ধব নয়, এমন রুটও তীব্রভাবে কমিয়ে এনেছে।

সাউথওয়েস্ট গত বছর মুনাফা বাড়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। এর আওতায় ৫০ বছরের পুরনো ওপেন সিটিং মডেল বাদ দিয়েছে। এছাড়া পা রাখতে বাড়তি সুবিধা দেয় অতিরিক্ত পরিসরের এমন একটি সেকশন তৈরি করছে। সম্প্রতি প্রথমবারের মতো রাত্রিকালীন ফ্লাইটও চালু করেছে সাউথওয়েস্ট।

কোম্পানিটি জানিয়েছে, ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত আগামী এপ্রিলের শেষ নাগাদ কার্যকর হবে। যেসব কর্মী এর আওতায় পড়বেন, তাদের আর অফিসে আসতে হবে না। কাজ না করলেও ওই সময় পর্যন্ত বেতন, অন্য সুবিধা ও বোনাস পাবেন তারা।

আরও