চীনে অক্টোবরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ। মাস ভিত্তিতে তা ২ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া-সংক্রান্ত বিধিনিষেধ, মুনাফা কমে যাওয়া ও রফতানি হ্রাসের কারণে চীনের কোম্পানিগুলো ইস্পাত উৎপাদন কমিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের প্রকাশিত ডাটা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশটি গত মাসে ৭ কোটি ২০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। এটি ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে চীনের ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টন।
রয়টার্সের হিসাব অনুযায়ী, অক্টোবরে চীনের দৈনিক গড় ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ২৩ লাখ ২০ হাজার টন। এটি সেপ্টেম্বরের ২৪ লাখ ৫০ হাজার টনের তুলনায় কম।
চীনের উত্তরাঞ্চলের শহরগুলোয় বিশেষ করে ইস্পাত উৎপাদনের বড় কেন্দ্র টাংশানে অক্টোবরের শেষের দিকে বাতাসের মান খারাপ হতে পারে এমন পূর্বাভাস ছিল। এ সময় ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলোয় উৎপাদন কমানো বা নিয়ন্ত্রণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে মুনাফা কমে যাওয়ার কারণেও কিছু মিল উৎপাদন কমিয়েছে।
কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিল জানিয়েছে, অক্টোবরের শেষে প্রায় ৪৫ শতাংশ স্টিল মিল ভালো মুনাফা আয় করেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ।
চীনে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ৮১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টন। বার্ষিক ভিত্তিতে উৎপাদন হ্রাসের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯ শতাংশ।