উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার কৃষি খাতে জনশক্তি প্রেরণে আগ্রহ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এ সম্পর্ককে শক্তিশালী করেছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ বশির উদ্দিন এ কথা বলেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে।’ আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অভিহিত করেন তিনি। এ সময় উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘আলজেরিয়ায় বাংলাদেশের গার্মেন্ট পণ্যসহ সব পণ্যের বাজার রয়েছে। বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত।’ এ সময় আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
আবদেলোহাব সাইদানি বলেন, ‘রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়। সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে।’