জলবায়ু পরিবর্তনের প্রভাব

বদলে যেতে পারে অলিভ অয়েলের গুণগত মান

গবেষকরা বলছেন, তাপমাত্রা বাড়লে জলবায়ুর এ প্রভাব একরকম হবে না; বরং এটি নির্ভর করবে জলপাইয়ের জাত, পানির প্রাপ্যতা এবং গাছের ফল বাড়ার নির্দিষ্ট ধাপের ওপর।

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে অলিভ অয়েলের গুণগত মান, ফলন ও ফসল সংগ্রহের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। গবেষকরা বলছেন, তাপমাত্রা বাড়লে জলবায়ুর এ প্রভাব একরকম হবে না; বরং এটি নির্ভর করবে জলপাইয়ের জাত, পানির প্রাপ্যতা এবং গাছের ফল বাড়ার নির্দিষ্ট ধাপের ওপর। খবর অলিভ অয়েল টাইমস।

স্পেনের করডোবা বিশ্ববিদ্যালয়ের খাদ্যরসায়ন ও পুষ্টিবিষয়ক গবেষক ইতালি মার্কস জানান, অতিরিক্ত তাপমাত্রা অলিভ অয়েলের ফেনোলিক উপাদানে পরিবর্তন আনে। এ উপাদানই তেলের তেতো ভাব, ঝাঁঝালো স্বাদ, স্বাস্থ্যগুণ ও স্থায়িত্ব নিয়ন্ত্রণ করে। তীব্র তাপ বা খরা কিছু ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেললেও অধিকাংশ ক্ষেত্রে পুষ্টি উপাদান নষ্ট করে ফেলে।

আর্জেন্টিনা ও স্পেনে পরিচালিত একাধিক গবেষণায় দেখা গেছে, উষ্ণ আবহাওয়ায় কিছু জাতের জলপাইয়ে মোট ফেনোলিক উপাদানের পরিমাণ ৫০ শতাংশ কমে যায়। আবার উচ্চ তাপমাত্রার কারণে গাছে দ্রুত ফুল ফোটে ও ফল পাকে, ফলে সামগ্রিক উৎপাদন কমে যেতে পারে।

গবেষকদের মতে, ভবিষ্যতে নির্দিষ্ট পঞ্জিকা দেখে ফসল কাটার প্রচলিত নিয়ম বদলে যেতে পারে। জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষকদের প্রতি সপ্তাহে ফলের পরিপক্বতা পরীক্ষা করে সঠিক সময়ে ফসল তোলার সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই পরিবর্তিত আবহাওয়ায়ও মানসম্মত অলিভ অয়েল উৎপাদন সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও