নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতা সুদৃঢ করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ১২৫ কোটি টাকা তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকাল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নারী ও শিশু কল্যাণে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে নারীর সুরক্ষায় এবং ক্ষমতায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে: জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি, উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার বাজেট ঘোষণায় কর্মজীবী নারী এবং গৃহকর্মীদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, গৃহকর্মীরা তাদের শ্রম ও সময় উৎসর্গ করলেও প্রায়শই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপি’তে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া, জুলাই বিপ্লবে শিশু-শহিদদের ৮৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথা জানানো হয়েছে। এই বিপ্লবে আহত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।