ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) গত অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি বেড়েছে ৩ হাজার ২০২ টন। গতকাল ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় পণ্যটির আমদানি বাড়ানো হয়েছে।

জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত নয় মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে মোট শুকনা হলুদ আমদানি হয়েছে ২৩ হাজার ৫০১ টন। যার আমদানি মূল্য ছিল ৩৯৯ কোটি ২৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৩০৫ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২০ হাজার ২৯৯ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল।

এদিকে বন্দর দিয়ে আমদানি বাড়লেও সাতক্ষীরার মসলা বাজারে গুঁড়া হলুদের দাম কমেনি। এক থেকে দেড় মাস ধরে একই দামে পণ্যটি বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স মামা ভাগ্নে ভাণ্ডারে গতকাল গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ২৮০-৩০০ টাকা কেজি দরে। এক-দেড় মাস আগেও একই দামে পণ্যটি বেচাকেনা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহুরুল হক জানান, বন্দরে আমদানি বাড়লেও পাইকারিতে স্থিতিশীলতার কারণে গুঁড়া হলুদের দাম কমেনি। সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এমএম আব্দুল্লাহ জানান, বন্দরে আমদানি বাড়ার পরও গুঁড়া হলুদের দাম না কমার ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরও