প্রথম প্রান্তিকে ইউনিক হোটেলের আয় বেড়েছে ৬৬%

ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৬৬ দশমিক ৩১ শতাংশ।

ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৬৬ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৭৩ কোটি ২৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৪ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউনিক হোটেলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ১৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ কোটি ৯৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯৭ পয়সায়।

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে রিসোর্ট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এ বছর এ ব্যবসায় উন্নতি হয়েছে। এছাড়া শেয়ার বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও যৌথ উদ্যোগ থেকে প্রাপ্ত আয়ের কারণে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ইপিএস হয়েছে ৫ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৮৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯১ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইউনিক হোটেলের ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৮ টাকা ৭৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইউনিক হোটেলের ইপিএস হয়েছে ৬ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৮ টাকা ৫১ পয়সায়।

ইউনিক হোটেলের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরইএসএল)।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেলের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৮৭ কোটি ৬৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৪৪ লাখ। এর ৫২ দশমিক ৪৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৩৩, বিদেশী বিনিয়োগকারী দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৮ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও