চাহিদা কমায় এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরপতন

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে।

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে। নিম্নমুখী চাহিদা ও অতিরিক্ত সরবরাহের কারণে পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাশিয়ার আর্কটিক এলএনজি-২ প্রকল্প থেকে চীনে পণ্যটির সরবরাহ শুরু হয়েছে। এতে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় এলএনজির দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল গড়ে ১১ ডলার ১৫ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৪০ সেন্টের তুলনায় কম।

এ বিষয়ে এনার্জি অ্যাসপেক্টসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট কেশর সুমিত বলেন, ‘এলএনজির বাজার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উত্তর-পূর্ব এশিয়ার প্রধান ক্রেতা দেশগুলোর কাছে পর্যাপ্ত মজুদ আছে। ফলে সীমিত সময়ের মধ্যে সরবরাহ চুক্তির আওতায় ক্রয়চাহিদা সীমিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সরবরাহের চালানগুলো এখনো প্রধানত ইউরোপমুখী।’

আরগাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘চীনে সরবরাহ পৌঁছানোয় দেশটির স্পট চাহিদা কমেছে। এতে অন্যান্য বাজারে সরবরাহ বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্ল্যাকেমাইনস, কানাডার এলএনজি কানাডা, পশ্চিম আফ্রিকার গ্রেটার টরচু আহমেইম ও কঙ্গো এলএনজি—এমন নতুন প্রকল্পগুলো থেকে অতিরিক্ত সরবরাহ যোগ হচ্ছে। নরওয়ের হ্যামারফেস্ট এলএনজি প্লান্টও মে মাস থেকে বন্ধ থাকার পর ফের উৎপাদন করছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস অক্টোবরে সরবরাহের চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১০ ডলার ৩৩ সেন্ট, এটি টিটিএফে (নেদারল্যান্ডসভিত্তিক ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) ভবিষ্যৎ সরবরাহের চুক্তিমূল্যের তুলনায় ৫৬ সেন্ট কম।

আরগাস গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১০ ডলার ৩৫ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১০ ডলার ২৬ সেন্ট।

এফজিইর সিয়ামাক আদিবি জানান, ইউরোপে এলএনজির চাহিদা আগের বছরের তুলনায় বেশি হলেও সেখানে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কম। আজারবাইজান ও নরওয়ে থেকে পাইপলাইনে সরবরাহ ভালো থাকায় মজুদ বাড়ছে। বর্তমানে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের মজুদ ৭৭ শতাংশের কাছাকাছি। তবে নরওয়ের পাইপলাইন রক্ষণাবেক্ষণ সেপ্টেম্বরে টিটিএফ দামে কিছুটা সহায়তা দিতে পারে।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, চলতি সপ্তাহে আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় কমে দৈনিক ৩৪ হাজার ২৫০ ডলারে নেমে এসেছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে তা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫০০ ডলারে।

আরও