ব্রাজিলের গাড়ি বাজারে চীনের জিএসি

ব্রাজিলে গাড়ি বিক্রি শুরু করেছে চীনা কোম্পানি জিএসি।

ব্রাজিলে গাড়ি বিক্রি শুরু করেছে চীনা কোম্পানি জিএসি। নিজেদের হাইব্রিড ও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) লাইনআপ দেশটির বাজারে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাবে বলে ধারণা করছে কোম্পানিটি। এর ভিত্তিতে ২০২৬ সালের শেষ নাগাদ দক্ষিণ আমেরিকার দেশটিতে একটি কারখানা গড়তে চায় জিএসি। খবর রয়টার্স।

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গাড়ির বাজার ব্রাজিলে ইভি বিক্রি ক্রমেই বাড়ছে। দেশটিতে গত কয়েক বছরে বিওয়াইডি, চেরি ও জিডব্লিউএমের মতো চীনা কোম্পানি শক্ত অবস্থান তৈরি করেছে।

পরবর্তী পাঁচ বছরে ব্রাজিলে ৬০০ কোটি রিয়াল বা ১০৬ কোটি ডলার বিনিয়োগ করবে জিএসি, ২০২৪ সালে এ ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। গত শনিবারে আমদানীকৃত চারটি ইভি ও একটি হাইব্রিড মডেল নিয়ে ব্রাজিলে যাত্রা করেছে জিএসি।

জিএসি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ওয়েই হাইগ্যাংয়ের মতে, ব্রাজিল একটি বিশাল দেশ এবং এ বাজার জিএসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার দেশটির জন্য জিএসি দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে কাজ করছে। কোম্পানির লক্ষ্য আগামী পাঁচ বছরে ব্রাজিলে এক লাখ ইউনিট গাড়ি বিক্রি।

ব্রাজিলে বর্তমানে সবচেয়ে দ্রুতবর্ধনশীল গাড়ির খাত হলো ইভি ও হাইব্রিড মডেল। ২০২৫ সালের প্রথম চার মাসে এ খাতে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭০ হাজার ৪৫০ ইউনিটে পৌঁছে। একই সময়ে লাইট ভেহিকল বা হালকা বাহনের বিক্রি ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৭ লাখ ১৪ হাজার ৮০০ ইউনিট।

‘আমরা জানি ব্রাজিল একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতাপূর্ণ বাজার’ উল্লেখ করে ওয়েই হাইগ্যাং জানান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যযুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির মতো বাহ্যিক প্রভাব ব্রাজিল ঘিরে জিএসির নেয়া পরিকল্পনাকে প্রভাবিত করেনি।

ওয়েই হাইগ্যাং জানান, স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা এগোচ্ছেন এবং ২০২৬ সালের চতুর্থ প্রান্তিক নাগাদ ব্রাজিলে একটি কারখানা চালু বিষয়ে জিএসি আশাবাদী।

আরও