ইভির চাহিদা বৃদ্ধি

ইউরোপে টানা পঞ্চম মাসের মতো বাড়ল নতুন গাড়ি বিক্রি

ইউরোপের বাজারে নতুন গাড়ি বিক্রিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে।

ইউরোপের বাজারে নতুন গাড়ি বিক্রিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসিইএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত নভেম্বরে টানা পঞ্চম মাসের মতো গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধির দেখা পেয়েছে মহাদেশটি। মূলত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্রেতাদের ক্রমবর্ধমান আগ্রহই বিক্রি বাড়ার মূল কারণ। খবর রয়টার্স।

এসিইএর তথ্যানুযায়ী, নভেম্বরে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনে (ইএফটিএ) গাড়ি বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১ লাখে দাঁড়িয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফক্সওয়াগন ও রেনোঁর গাড়ি নিবন্ধন যথাক্রমে ৪ দশমিক ১ শতাংশ এবং ৩ শতাংশ বেড়েছে, অন্যদিকে স্টেলান্টিসের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৭ শতাংশ কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, ইতালি ও স্পেনের মতো বড় বাজারগুলোয় ইলেকট্রিক গাড়ির নিবন্ধন উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও সাধারণ পেট্রল ও ডিজেলচালিত গাড়ির চাহিদা কিছুটা কমেছে, কিন্তু ব্যাটারিচালিত এবং হাইব্রিড গাড়ি সে ঘাটতি পূরণ করে বাজারকে ইতিবাচক অবস্থানে রেখেছে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত মাসে মোট বিক্রীত গাড়ির ২১ শতাংশই ছিল ব্যাটারি-চালিত ইভি। এছাড়া যুক্তরাজ্যে এ হার ২৬ এবং নরওয়েতে রেকর্ড ৯৮ শতাংশে পৌঁছেছে।

তবে ইউরোপের অটোমোবাইল শিল্প বেশকিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের আমদানির ওপর শুল্ক আরোপ ও লোকসান এড়িয়ে অভ্যন্তরীণ ইভি নীতিমালা মেনে চলার মতো জটিলতা উল্লেখযোগ্য।

এদিকে অটোমোবাইল খাতের চাপের মুখে গত সপ্তাহে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন। যেখানে ২০৩৫ সাল থেকে কমবাশ্চন ইঞ্জিন চালিত গাড়ি নিষিদ্ধ করার পরিকল্পনাটি বাতিলের ঘোষণা করা হয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোয় পরিবেশ রক্ষার কঠোর লক্ষ্যমাত্রা থেকে জোটটির বড় ধরনের আপস বা সরে আসা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নভেম্বরে টেসলার গাড়ি নিবন্ধন ১১ দশমিক ৮ শতাংশ কমেছে। তবে নরওয়েতে রেকর্ড পরিমাণ বিক্রি অন্যান্য বাজারে টেসলার ক্ষতি কিছুটা পুষিয়ে দিয়েছে। অন্যদিকে চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির গাড়ি নিবন্ধন বেড়েছে ২২১ দশমিক ৮ শতাংশ। ওই মাসে বাজারে টেসলার হিস্যা ছিল ২ দশমিক ১, যেখানে বিওয়াইডির ছিল ২ শতাংশ।

সার্বিকভাবে ইইউর মোট গাড়ি বিক্রি ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় নয় লাখে পৌঁছেছে। এর মধ্যে ব্যাটারি-চালিত, হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন যথাক্রমে ৪৪ দশমিক ১, ৩৮ দশমিক ৪ ও ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ইইউ-ভুক্ত দেশগুলোয় নিবন্ধিত মোট গাড়ির ৬৫ দশমিক ৬ শতাংশ এখন পরিবেশবান্ধব গাড়িগুলোর দখলে, যা ২০২৪ সালের আগস্টে ছিল ৫৬ শতাংশ।

আরও