বিশ্বব্যাপী ভুট্টার প্রকৃত সরবরাহ ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছার পথে

চাহিদার বিপরীতে বিশ্বব্যাপী ভুট্টার মজুদ চলতি বছরের শেষ নাগাদ ১১ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছতে পারে।

চাহিদার বিপরীতে বিশ্বব্যাপী ভুট্টার মজুদ চলতি বছরের শেষ নাগাদ ১১ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছতে পারে। তবে চীনা মজুদ বাদ দিলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিদ্যমান প্রকৃত সরবরাহের পরিমাণ তিন দশকের মধ্যে সর্বনিম্নে নেমে যেতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ চীনে বর্তমানে বিপুল পরিমাণে ভুট্টা মজুদ আছে। এ পরিমাণ দ্বিতীয় বৃহত্তম মজুদকারী দেশ যুক্তরাষ্ট্রের চেয়েও পাঁচ গুণ। তবে দেশটি সাধারণত এ মজুদ আন্তর্জাতিক বাজারে বিক্রি করে না। এ কারণে চীনা মজুদকে বিশ্বব্যাপী শস্য সরবরাহের হিসাব থেকে বাদ দেয়া হয়, যাতে প্রকৃত সরবরাহের বাস্তব চিত্র পাওয়া যায়।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চীন বাদ দিলে ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাপী ভুট্টার সমাপনী মজুদ প্রায় ৮ কোটি ৭০ লাখ টন, যা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। চাহিদার তুলনায় সরবরাহের অনুপাত আরো সংকুচিত হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে চীন বাদে বিশ্বব্যাপী ভুট্টার ব্যবহারযোগ্য মজুদের অনুপাত ৭ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে, যা ১৯৯৫-৯৬ অর্থবছরের পর সর্বনিম্ন। গত চার বছরের গড় ছিল ৯ দশমিক ২ শতাংশ আর গত ২০ বছরের গড় ছিল ১১ শতাংশ।

এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক ব্রাজিলে ভুট্টার মজুদ ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে। ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মজুদও এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ভুট্টার মজুদ আগের পূর্বাভাসের তুলনায় কম হতে পারে।

ইউএসডিএর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য মজুদের অনুপাত ২০ দশমিক ৩ শতাংশ হতে পারে, যা ২০১৩-১৪ অর্থবছরের পর সর্বনিম্ন। গত এক দশকের গড় ছিল ২৪ দশমিক ৬ শতাংশ, যেখানে সর্বনিম্ন ছিল ২২ দশমিক ২ শতাংশ।

২০০০-এর দশকের মাঝামাঝি সময় বিশ্বব্যাপী ভুট্টার মোট মজুদের ৩০ শতাংশ ছিল চীনের দখলে। তবে ২০১০-এর দশকের শুরুতে চীন উৎপাদন বাড়াতে উৎসাহিত করায় এ হার বেড়ে যায়। গত এক দশকে চীন বিশ্বব্যাপী ভুট্টার মোট মজুদের ৬০ শতাংশের বেশি দখলে রেখেছে, যা ২০২৪-২৫ অর্থবছরে ৭০ শতাংশে পৌঁছতে পারে। এটি ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

২০০৮ সালে চীন সরকার কৃষকদের বাজারদরের চেয়ে বেশি মূল্যে ভুট্টা কেনার কর্মসূচি চালু করে। তবে উচ্চব্যয়ের কারণে ২০১৬ সালে এটি বন্ধ করা হয়। এর পরও চীন কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছে। ফলে দেশটিতে ভুট্টা উৎপাদন ও মজুদ বাড়ছে।

এদিকে ইউএসডিএর হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ব্যবহারযোগ্য মজুদের অনুপাত ১০ দশমিক ২ শতাংশ হতে পারে, যা আগের বছর ছিল ১১ দশমিক ৮ শতাংশ। গত দশকের গড় অনুপাত ছিল ১২ দশমিক ৫ শতাংশ। তবে এটি ২০২০-এর শুরুর সময়ের তুলনায় কিছুটা ভালো।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে ব্যবহারযোগ্য মজুদের অনুপাত ১৪ শতাংশের বেশি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু চাহিদা বৃদ্ধি ও উৎপাদন কমার কারণে মজুদ কমেছে। এতে ভুট্টার দাম বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে যুক্তরাষ্ট্রের কৃষকরা আগামী বসন্তে বেশি পরিমাণে ভুট্টা চাষের পরিকল্পনা করছেন। এতে বাজারে সরবরাহ বাড়তে পারে।

আরও