জমি বিক্রি করে ঋণ শোধ করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

বস্ত্র খাতে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি রাজউক পূর্বাচল নিউ সিটি প্রকল্পের জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বস্ত্র খাতে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি রাজউক পূর্বাচল নিউ সিটি প্রকল্পের জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জমি বিক্রির টাকায় ব্যাংকঋণ পরিশোধ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যানুসারে, পূর্বাচল প্রকল্পের ১০ কাঠা ৮ ছটাক ৪৬ স্কয়ার ফিট জমিটি ৭ কোটি টাকায় বিক্রি করা হবে। জমি বিক্রির পুরো অর্থ ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করা হবে। জমিটি কিনতে শেফার্ড ইন্ডাস্ট্রিজের খরচ হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকা। ফলে জমি বিক্রি করে ৩ কোটি ৭১ লাখ টাকা মুনাফা হবে, যা কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। কোম্পানিটি জানিয়েছে, লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে রাজউকের অনুমোদন ও সাউথইস্ট ব্যাংক পিএলসির অনাপত্তিপত্র (এনওসি) সাপেক্ষে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৪১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি। আলোচ্য হিসাব বছরে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ১৬ পয়সায়।

শেফার্ড ইন্ডাস্ট্রিজের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

আরও