বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর-১৭-এর লেকসাইড এলাকায় ঢাকার দ্বিতীয় মিয়াওয়াকি নগর বন উদ্বোধন করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বনটি গড়ে তোলা হয়েছে। নগর পরিবেশে সবুজায়ন বাড়ানো, বায়ুদূষণ ও তাপমাত্রা কমানো এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব উন্মুক্ত স্থান তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল ঢাকা গড়ে তুলতে নগর বনায়নের গুরুত্ব অনেক। তিনি এ ধরনের উদ্যোগের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় জনগণ, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে রাজউকের সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগে সহযোগিতা করায় শক্তি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দ্রুত নগরায়ণের সময়ে সবুজায়নের গুরুত্ব আরও বেড়েছে। শৈশবের ঢাকার স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় ঢাকা ছিল অনেক বেশি সবুজ, খোলা জায়গা ও গাছপালায় ভরা। শহর যত বিস্তৃত হচ্ছে, ততই মিয়াওয়াকি নগর বন মনে করিয়ে দেয় যে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নিতে হবে।
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে টেকসই উদ্যোগের প্রতি প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সঠিক পরিচর্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দুই বছর যত্ন নেয়া গেলে এই গাছগুলো ভবিষ্যতে এমন একটি বনাঞ্চলে পরিণত হবে, যা দীর্ঘদিন মানুষ ও পরিবেশের উপকারে আসবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) মোহাম্মদ মুজাফফর উদ্দিন, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও পাইকারি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক, ঢাকা মহানগর পুলিশের তুরাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকিং খাতের প্রতিনিধিরা।
২ হাজার ২৮৫ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই কৃত্রিম বনে ৯৩টি দেশীয় প্রজাতির মোট ৬ হাজার ১০০টি ফলজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়েছে।
—বিজ্ঞপ্তি